মারা গেছেন অভিনেত্রী অর্ষার মা, হাসপাতালের সেবাপদ্ধতি নিয়ে ক্ষোভ

New-Project-34-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্ষা গভীর শোকের মধ্য দিয়ে সময় পার করছেন। তার মা মাসুদা হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নাজিয়া হক অর্ষার পরিবার সূত্রে জানা গেছে, মাসুদা হক দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। একই সঙ্গে ছিল ডায়াবেটিসের জটিলতাও। মায়ের অসুস্থতার কারণেই গত কয়েক বছর ধরে শোবিজে অনিয়মিত ছিলেন অর্ষা। অভিনয়ের চেয়ে মায়ের সেবাতেই বেশি সময় দিচ্ছিলেন তিনি।

মায়ের মৃত্যুর পরদিনই হাসপাতালের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অর্ষার স্বামী ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর। হলে হাসপাতালে যাবেন না।’

তিনি অভিযোগ করেন, চিকিৎসাসেবা এখন আর মানবিক নয়, বরং একধরনের ব্যবসা। তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের বলি—হোটেল-রিসোর্টে কে কী করছে সেটা দেখার বদলে সাহস থাকলে হাসপাতালে ঢুঁ মারুন। দেখবেন কী ভয়াবহ অবস্থার মধ্যে রোগীরা থাকেন, কী অনাদরে তাদের দিন কাটে। সরকারি-বেসরকারি—সবই ব্যবসা, কোথাও নেই সেবার মান।’

মায়ের হাত ধরেই অভিনয়ে অর্ষা

নাজিয়া হক অর্ষা এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয়। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় তাঁর, এরপর একে একে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
তিনি একাধিকবার জানিয়েছেন—মা-ই ছিলেন তার জীবনের বড় অনুপ্রেরণা।

সম্প্রতি ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘জাহান’, ‘কুহেলিকা’সহ বেশ কয়েকটি ওটিটি প্রজেক্টে অর্ষাকে দেখা গেছে ভিন্নধর্মী চরিত্রে, যার জন্য দর্শকমহলে তিনি প্রশংসাও কুড়িয়েছেন।

Leave a Reply

scroll to top