জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগে ব্যাপক প্রশাসনিক রদবদল করা হয়েছে। কমিশনার থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৮২৪টি পদে পরিবর্তন আনা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, গত ৩ ও ৫ ফেব্রুয়ারি জারি করা পৃথক অফিস আদেশের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, আটজন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার। এছাড়া ১০৫ জন রাজস্ব কর্মকর্তা, ৩২০ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ৩৬৬ জন কর্মচারীকেও বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, কাস্টমস ও ভ্যাট কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ রদবদল ভূমিকা রাখবে।
অফিস আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল ও যশোরের কাস্টমস ও এক্সাইজ দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
এনবিআরের কর্মকর্তারা মনে করছেন, নতুন পদায়নের মাধ্যমে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আসবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।