অবশেষে নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

1757568795-072a609f9aefe62105b8b38801a00758-1.webp
মো: আল মামুন স্পোর্টস ডেস্ক

নেপালে গণ-অভ্যুত্থানের পর চলা কারফিউয়ের কারণে দুই দিন ধরে হোটেলে অবরুদ্ধ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে দেশে ফেরার পথে রয়েছেন জামাল ভূঁইয়ারা। বৃহস্পতিবার সকালে তারা পৌঁছেছেন কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে।

বেলা সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে দলের। একই বিমানে ফিরবেন বাংলাদেশ–নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।

গত ৯ সেপ্টেম্বর নেপালে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশজুড়ে অচল হয়ে যায় বিমান যোগাযোগ। টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার যৌথ উদ্যোগে দলের দেশে ফেরার ব্যবস্থা করে।

বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ফুটবলার ও সাংবাদিক সবাইকে নিরাপদে দেশে ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। বিশেষ ফ্লাইটে দুপুর নাগাদ ঢাকায় পৌঁছাবেন তারা।

দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তবে উত্তাল পরিস্থিতির কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচ বাতিল হয়ে যায়। একই সঙ্গে বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত দিনে দেশে ফেরাও সম্ভব হয়নি। ফলে দুই দিন ধরে হোটেলবন্দী অবস্থায় কাটাতে হয় জামাল-রাকিবদের।

৮ সেপ্টেম্বর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে কাঠমান্ডুতে। বিক্ষোভ দমন করতে কর্তৃপক্ষ কারফিউ জারি করে। বাতিল হয় অনুশীলন, স্থগিত হয় ম্যাচ। এমনকি দলের অবস্থান করা হোটেলের পাশেই আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আতঙ্কের মধ্যেই টিম হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়। এসময় ফুটবলাররা নিজেদের মানসিকভাবে চাঙা রাখতে হোটেলের জিমেই অনুশীলন চালিয়ে গেছেন।

Leave a Reply

scroll to top