4. হংকংয়ের বিপক্ষে লড়াই দিয়ে এশিয়া কাপে মিশন শুরু টাইগারদের

image_221904_1757568927.webp
মো: আল মামুন স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে দুর্দান্ত ছন্দ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাসে উজ্জীবিত লিটন দাসের দল আজ গ্রুপ–বি’র প্রথম ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের। বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে টাইগারদের প্রধান ভরসা শক্তিশালী পেস আক্রমণ আর মারমুখী ব্যাটিং ইউনিট।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট জানে, শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারলে জয় অনেকটাই নিশ্চিত হবে। বিশেষ করে পাওয়ারপ্লেতে উইকেট তুলে নেওয়া এবং রান তোলার গতি বাড়ানো—এই দুই পরিকল্পনাই ম্যাচের শুরুতে কার্যকর করতে চান অধিনায়ক লিটন দাস। সাম্প্রতিক সময়ে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের ধারাবাহিক বোলিং আক্রমণ প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলার জন্য যথেষ্ট। সঙ্গে আছেন অফস্পিনার শেখ মেহেদী হাসান, যিনি নতুন বলে বেশ কার্যকর। এছাড়া তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনও শুরুতেই বল করার সুযোগ পেতে পারেন।

অন্যদিকে ব্যাটিং ইউনিটে এসেছে নতুন ধরণের আক্রমণাত্মক মানসিকতা। গত ১৮ মাসে ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন পাওয়ারপ্লেতে প্রতিপক্ষ বোলারদের রীতিমতো চাপে ফেলেছেন। তাদের সঙ্গে মধ্য ও শেষ ভাগে শামীম হোসেন ও জাকের আলীর উপর ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। বড় রান তুলতে এবং ঝড়ো ফিনিশ দিতে তাদের ভূমিকাই হবে গুরুত্বপূর্ণ।

তবে হংকংও একদম হাল ছেড়ে দিতে রাজি নয়। তারা স্মরণ করছে ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে পাওয়া রোমাঞ্চকর দুই উইকেটের জয়কে। সেই ম্যাচে যারা খেলেছিলেন, তাদের মধ্যে দুজন এখনো হংকং স্কোয়াডে আছেন। যদিও এরপর থেকে পূর্ণ সদস্য দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ খুব কমই পেয়েছে দলটি—মোটে ১১ বার।

সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য হংকংয়ের জন্য চিন্তার কারণ। আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ব্যাটে-বলে তারা ছিল অসহায়। প্রথমে বোলিংয়ে প্রচুর রান দিয়ে বসে, পরে ব্যাট হাতে ২০ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় দলটি। টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হলে একমাত্র বাবর হায়াত কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন, তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।

সব মিলিয়ে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী, তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে লিটন দাসের দল চায়, ম্যাচের প্রথম বল থেকেই আগ্রাসী খেলা এবং শক্তিশালী সূচনার মধ্য দিয়ে এশিয়া কাপে নিজেদের যাত্রা দারুণভাবে শুরু করতে।

Leave a Reply

scroll to top