আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য অ্যাপটি যেন সহজে ব্যবহারযোগ্য হয়, তা নিশ্চিত করতে হবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের তথ্য জানান।
বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ জানান, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা রয়েছে। অ্যাপটিতে প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রসংক্রান্ত আপডেট, এবং অভিযোগ দাখিলের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সব প্রয়োজনীয় তথ্য থাকবে।
প্রধান উপদেষ্টা বক্তব্য শোনার পর দ্রুত অ্যাপ চালুর নির্দেশ দেন।





