প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয়ের পর আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজে ইতোমধ্যেই এগিয়ে থাকা লিটন দাসের দল আজ জয় পেলেই প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করবে।
অন্যদিকে, পাকিস্তান চাইছে সিরিজের শেষ ম্যাচ জিতে লজ্জা এড়াতে। ফলে ম্যাচ ঘিরে রোমাঞ্চের অপেক্ষায় দর্শকরা।
এর আগে লাহোরে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হারে টাইগাররা। তবে শ্রীলঙ্কা সফরে ঘুরে দাঁড়িয়ে ২০ ওভারের ক্রিকেটে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। লায়নদের বিপক্ষে সিরিজ জয়ের পর ঘরের মাঠেও ছন্দে রয়েছে টাইগাররা।
আজ জিতলে ২০১৫ সালের পর এই প্রথমবার পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় আসবে বাংলাদেশের। আর সেটি হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম হোয়াইটওয়াশ।
তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি বিতর্ক চলছে মিরপুরের উইকেট ঘিরেও। শেষ বিপিএলে রানপ্রসবা উইকেট পাওয়া গেলেও এই সিরিজে ধীরগতির উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের খেলোয়াড়রা। ফাহিম আশরাফের পাশাপাশি অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনও প্রশ্ন তুলেছেন উইকেট ও বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের সঙ্গে শ্রীলঙ্কায় হওয়ার কথা। সেখানে ব্যাটিং-বান্ধব উইকেটের কথা মাথায় রেখেই সিরিজ আয়োজন করা হয়েছিল বলে জানায় বিসিবি। কিন্তু ভিন্ন বাস্তবতায় হতাশ হেসন মন্তব্য করেন, “যদি এটা বিশ্বকাপ প্রস্তুতি হয়, তাহলে উইকেট নিয়ে আমাদের ভাবার আছে।”
উইকেট বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক তারকাও। শোয়েব আখতার, রমিজ রাজা ও বাসিত আলি মিরপুরের উইকেটের পক্ষে কথা বলে জানিয়েছেন—এমন কন্ডিশনে মানিয়ে নিতে পারাটাই ভালো দলের লক্ষণ হওয়া উচিত।
সব মিলিয়ে আজকের ম্যাচটি শুধু একটি সিরিজের ফল নয়, বরং হোয়াইটওয়াশের ঐতিহাসিক সম্ভাবনা ও উইকেট বিতর্ক—দুইয়ের কেন্দ্রেই গুরুত্ব পাচ্ছে।