শাহবাগে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

New-Project-8-12.jpg

রাবিতে বিক্ষোভ

২৪ ঘণ্টা বাংলাদেশ

গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যের হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। তারা অভিযোগ করেছেন, শাহবাগে বিরোধী ছাত্র ঐক্য নামধারী একটি গোষ্ঠী এ হামলা চালিয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন বলেন, “মঙ্গলবার (২৭ মে) আমাদের শান্তিপূর্ণ মিছিলে একাধিকবার হামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা প্রক্টরের পক্ষ থেকে কেউ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেনি। ৫ আগস্টের পর থেকেই দেশজুড়ে অস্থিরতা তৈরি করেছে এই স্বঘোষিত অন্তর্বর্তীকালীন সরকার। তারা জামায়াতের সঙ্গে আঁতাত করে চলেছে এবং নিরাপত্তার নামে ক্যাম্পাসকে পুলিশের ক্যান্টনমেন্টে পরিণত করতে চায়।”

ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার আলিফ বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে। জামায়াত-জেএমবি-হিজবুত তাহরীরসহ নিষিদ্ধ সংগঠনগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এটিএম আজহারকে মুক্তি দিয়ে প্রমাণ হয়েছে সরকার কাদের পাশে। আমরা জাতির মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে কোনো বাংলাদেশ কল্পনা করতে পারি না।”

ছাত্র যুব আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক তারেক আশরাফ অভিযোগ করে বলেন, “মঙ্গলবার রাবিতে আমাদের ওপর হামলার পর বুধবার চট্টগ্রামেও আমাদের সহযোদ্ধাদের ওপর ছাত্রশিবির হামলা চালিয়েছে। একটি ছোট মিছিলেই যদি ২০০ জন হামলা চালায়, তাহলে এটিএম আজহার যে রাজাকার, তা প্রমাণ করতেই কি আরও কিছু দরকার?”

বিক্ষোভে গণতান্ত্রিক ছাত্রজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

scroll to top