হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি টার্গেট করবে ইরান

iran.jpg
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

শুক্রবার (২ জানুয়ারি) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বা দুঃসাহস দেখায়, তবে ইরান তার কঠোর ও পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, এ ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সেনাদের ইরান ‘বৈধ লক্ষ্য’ হিসেবে বিবেচনা করবে।

এ সময় গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন। ট্রাম্প বলেছিলেন, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করা হলে যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের পাশে দাঁড়াবে। এ প্রসঙ্গে গালিবাফ অভিযোগ করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করেছিল, তবে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ইরানি সরকার সাধারণ বিক্ষোভকারীদের বিদেশি শক্তির দালাল হিসেবে বিবেচনা করে না।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। দেশটির মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। পরে তা বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে এবং অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক স্লোগানও উঠে আসে।

Leave a Reply

scroll to top