চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “চাঁদাবাজের সংখ্যা বাড়ছে। এদের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে যেতে হবে। কোনো বিশেষ ব্যক্তির রিকুয়েস্টে চাঁদাবাজকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজ র্যাব কর্মকর্তার চেয়ে শক্তিশালী নয়—ধরে ফেলতে হবে।”
শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা স্পষ্টভাবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মাদকের বিরুদ্ধে তোমাদের কার্যক্রম ভালো হচ্ছে। তবে বড় চ্যালেঞ্জ হলো মাদকের গডফাদারদের ধরা। আমরা সাধারণত চুনোপুঁটিদের ধরি, কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত গডফাদারদের গ্রেফতার করা।”
পরিদর্শনকালে তিনি র্যাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি রান্নার কাজে নিয়োজিত কর্মীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের অবদানকে গুরুত্ব দেন।
এসময় র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান, র্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপারেশন্স অফিসার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।





