মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে হওয়া এ সংঘর্ষে শাহ আলম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত দুজন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, মাদক ব্যবসায়ীদের আধিপত্যের জেরে এ সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, “আমরা নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছি। কিন্তু জামিনে বেরিয়ে এসে তারা আবারও দখল নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।”
এর আগে সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, মাদক কারবারে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাই এ সহিংসতার মূল কারণ।
রোববার (১০ আগস্ট) দুপুরে ওই এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ হয়, এতে এক নারী আহত হন। পরে রাতে পুলিশ অভিযান চালায়। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়ে সংঘর্ষে রূপ নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।





