জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারি জোরদার করছে সরকার

jahangir-alam-20250921134604.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারি জোরদার করেছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে—তারা যেন এসব সন্ত্রাসীর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং পুনরায় অপরাধে জড়ালে দ্রুত গ্রেপ্তার করে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দপ্তর, বিজিবি, কোস্টগার্ড, এনএসআই, ডিজিএফআই ও এসবিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। বৈঠকে বলা হয়, মুজিববাদী সন্ত্রাসী কার্যক্রমসহ যে কোনো সন্ত্রাস দমন করা হবে এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আনা হবে।

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী বক্তব্য প্রচার চালিয়ে যেতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হিযবুত তাহরীরের সদস্যদের ওপর কড়া নজরদারি এবং তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা মোকাবিলায় পাল্টা কৌশল নেওয়ার কথাও বলা হয়েছে।

সভায় নতুন অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কঠোরতা, চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত, ইমিগ্রেশন চেকপোস্টে ওয়ারেন্টভুক্ত আসামিদের নজরদারি এবং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ তদারকির সিদ্ধান্ত হয়।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে জামিনে মুক্ত সন্ত্রাসীদের সক্রিয়তা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই কেবল নজরদারি নয়, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। তাদের মতে, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, কমিউনিটি পুলিশিং শক্তিশালী করা এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করলেই সরকারের পদক্ষেপ কার্যকর হবে।

Leave a Reply

scroll to top