জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির নতুন খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারের বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিরোধিতা করে একমাত্র যুক্তরাষ্ট্র। এ নিয়ে ষষ্ঠবার গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল ওয়াশিংটন।
খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়েছিল। ভেটোকে ‘মানবতার পরাজয়’ বলে আখ্যা দিয়েছে আলজেরিয়া। প্রায় দুই বছর ধরে চলমান গাজা সংঘাতের মধ্যে এ নিয়ে ছয়টি প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্র।
এদিকে বৃহস্পতিবার ভোর থেকে ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। টানা বিমান হামলা ও স্থল অভিযানে বিধ্বস্ত হয়েছে আবাসিক এলাকা।
দক্ষিণ গাজার রাফাহ এলাকায় সামরিক অভিযানের সময় বিস্ফোরণে ইসরাইলের এক কর্মকর্তা ও তিন সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, তল্লাশি ও অভিযান এখনো চলছে।
একইদিনে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। হামলার আগে পাঁচটি গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়। লেবাননের প্রধানমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ধ্বংসস্তূপের মধ্যেও প্রতিরোধ অব্যাহত থাকবে। হিজবুল্লাহ আইনপ্রণেতার অভিযোগ, আন্তর্জাতিক নিশ্চয়তার কোনো মূল্য দিচ্ছে না ইসরাইল।
অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন হামলায় বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় বাসিন্দাদের। একটি ড্রোন গিয়ে পড়ে দক্ষিণ ইসরাইলের ইলাত শহরে, যদিও হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হোটেল ভবন। হুতিদের দাবি, এসব হামলা গাজার সমর্থনে চালানো হয়েছে।





