উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।
সোমবার রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “এরা আমাদের সবারই সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই এই ঘটনার তদন্ত করব। আহতদের চিকিৎসার জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। সবাই তাদের পাশে দাঁড়িয়েছে।”
তিনি দেশবাসীকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে বলেন, “আহতদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। আমরা ভিড় করলে আমাদের শরীর থেকে কোনো জীবাণু ছড়াতে পারে। তাই দূরে থেকে দোয়া করুন।”
বিধ্বস্ত যুদ্ধবিমান নিয়ে আবেগাপ্লুত অধ্যাপক ইউনূস বলেন, “এটা অবিশ্বাস্য ঘটনা। আমি কীভাবে বলা শুরু করব সেটাও বুঝতে পারছি না। সারা দেশ আজ হতবাক। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো হাসপাতালে লাশ আসছে, এখনো কেউ কেউ মারা যাচ্ছে। মা-বাবারা সন্তান খুঁজছেন—কেউ নিশ্চিত না, তাদের সন্তান জীবিত না মৃত।”
তিনি বলেন, “শিশুদের পোড়া মুখ চোখের সামনে ভেসে উঠছে বারবার। আমরা নিজেদের প্রশ্নের জবাব দিতে পারছি না—তাদের মা-বাবাকে কী বলব?”
প্রধান উপদেষ্টা জানান, দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে ২২ জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। “সারা দেশ একযোগে তাদের আত্মার শান্তি কামনা করবে,” বলেন তিনি।
“আমরা অবশ্যই তদন্ত করব,” পুনরায় আশ্বস্ত করে অধ্যাপক ইউনূস বলেন, “তদন্ত হবে, কিন্তু এই নিষ্পাপ শিশুরা আর কখনো ফিরে আসবে না।”
হতাহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি সন্তানই আপনাদের সন্তান। আমরা সবাই আপনাদের পাশে আছি। জাতি আপনাদের সঙ্গে আছে। দোয়া করছি, আল্লাহ এই শিশুদের জান্নাত নসিব করুন।”





