জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানিয়েছেন, দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্ন মহল অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সহিংসতা, সন্ত্রাস বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।
দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানান বাহারুল আলম। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জন গ্রেপ্তার হয়েছেন। তিনি বলেন, “কোনো ঘটনাই বড় ধরনের বিপত্তি তৈরি করতে পারেনি। প্রতিটি ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না।”
সাম্প্রতিক খাগড়াছড়ির ধর্ষণ মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভিযোগ পাওয়ার আধা ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল না; বরং উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীলতার চেষ্টা করা হয়েছে।
আইজিপি জোর দিয়ে বলেন, পুলিশ সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। বিশেষ করে দুর্গাপূজা ও জাতীয় নির্বাচন ঘিরে যেকোনো জটিলতা মোকাবিলায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ও জনগণের সহযোগিতা মিলেই আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে। অস্থিতিশীলতা নয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি।”