একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান

একাত্তরকে-বাদ-দিলে-দেশের-অস্তিত্ব-থাকবে-না_-তারেক-রহমান.jpg
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিলে দেশের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন বাস্তবতা ও সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে। সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুদৃঢ় করতে হবে।

সাক্ষাৎকালে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন তারা।

বৈঠক শেষে বাম দলগুলোর নেতারা জানান, আলোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। পাশাপাশি তিনি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকে না। নব্বইয়ের গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক গণআন্দোলনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে।

Leave a Reply

scroll to top