কয়েদির পোশাকে স্ত্রীসহ মার্কিন আদালতে হাজির হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি) থেকে তাকে ম্যানহাটনের একটি ফেডারেল কোর্টহাউসে স্থানান্তর করেছে মার্কিন কর্তৃপক্ষ।
মাদুরোকে আদালতে নেওয়ার সময়ের একাধিক ছবি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। এর মধ্যে একটি ছবিতে হাত বাঁধা অবস্থাতেও তাকে হাসিমুখে দেখা গেছে। অনেকের মতে, চাপ ও আগ্রাসনের মধ্যেও তার এই হাসি সাহসের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হেলিকপ্টারে করে মাদুরোকে ম্যানহাটনে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে কয়েদির মতো পোশাকে একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই নারী ভেনেজুয়েলার প্রেসিডেন্টের স্ত্রী সিলিয়া ফ্লোরেস।
মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তায় মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) একাধিক এজেন্ট দায়িত্ব পালন করেন। স্থানান্তরের সময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে বলেও জানিয়েছে বিবিসি।
একই সময়ের কিছু ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রকাশিত ছবিগুলোর একটিতে মাদুরোকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।
জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্রের জেলা জজ অ্যালভিন কে. হেলারস্টেইনের আদালতে মাদুরো ও তার স্ত্রীর হাজিরা দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে যুক্তরাষ্ট্র। পরে তাদের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি করে রাখা হয়।





