রাজধানীতে বাড়ছে শীতের দাপট, ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

রাজধানীতে বাড়ছে শীতের দাপট
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে শীতের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং রাজধানী ঢাকাতেও এর সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ঢাকার তাপমাত্রা আকস্মিকভাবে হ্রাস পেয়ে ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এটি চলতি সপ্তাহে সকাল ৬টায় রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ আকাশ পরিষ্কার থাকবে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমএ

Leave a Reply

scroll to top