ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

yunus-20260210191018.jpg
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভোটারদের ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না, বরং দীর্ঘদিনের নীরবতা, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের জবাব হয়ে উঠবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের সামনে একটি ঐতিহাসিক ও ভবিষ্যৎ নির্ধারণী মুহূর্ত উপস্থিত হয়েছে। আর মাত্র একদিন পর সারাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। তিনি এটিকে জাতির দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের নতুন পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, প্রত্যেক জাতির জীবনে কিছু দিন আসে, যা রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করে। আসন্ন নির্বাচন তেমনই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি জানান, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, যা দেশের ইতিহাসে সর্বাধিক। স্বতন্ত্রসহ মোট প্রার্থীর সংখ্যা দুই হাজারের বেশি। এই নির্বাচনকে তিনি গণ-অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন হিসেবে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনী প্রচার-প্রচারণা অতীতের তুলনায় শান্তিপূর্ণ হয়েছে। এজন্য তিনি রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান। তবে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি সব প্রার্থীর প্রতি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে না পারা প্রজন্মের জন্য এই নির্বাচন নতুন সুযোগ সৃষ্টি করেছে।

অধ্যাপক ইউনূস বলেন, দেশের সব গণআন্দোলন ও অর্থনৈতিক উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই নির্বাচন তাদের মত প্রকাশের নতুন দ্বার উন্মোচন করবে। পাশাপাশি তরুণদের উদ্দেশে তিনি বলেন, তাদের স্বপ্ন, মেধা ও শক্তিই আগামী বাংলাদেশের ভিত্তি, আর এই ভোট তাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ।

 

Leave a Reply

scroll to top