ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের বিবৃতি

New-Project1.jpg
নিজস্ব প্রতিবেদক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতিতে জানায়, ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মনে করে—দেশগুলোর মধ্যকার যেকোনো বিরোধ কূটনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। শান্তিপূর্ণ আলোচনা ছাড়া কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে।

এর আগে, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।

এ ঘটনার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর, বন্দর ও গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করে। অধিকাংশ দোকানপাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ ছিল।

এদিকে, রোববার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে। একই দিনে টেলিভিশনে ভাষণ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান, সেনাবাহিনী দেলসি রদ্রিগুয়েজের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

scroll to top