প্রতিনিয়ত ভংয়কর থেকে আরও ভংয়কর হয়ে উঠছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে নিহতের সংখ্যা বেড়ে ২৩৮ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৪১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৮ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ২ শতাংশ। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৭ জন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন ময়মনসিংহ বিভাগের।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগে ২১৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৬ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৩ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৩৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৬ হাজার ২৫৭ জন ডেঙ্গু রোগী।





