বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার পর এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই হামলার কবল থেকে দেশের বিমানবন্দরগুলোকে রক্ষা করতে সংস্থাটির পক্ষ থেকে ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ ৯ অক্টোবর বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরের উদ্দেশ্যে দেওয়া নির্দেশনাপত্রটি ইতিমধ্যে দেশের সব বিমানবন্দর প্রধান এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকতাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা, মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার করা, সাইবার নিরাপত্তা–সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করা ইত্যাদি।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সম্প্রতি লন্ডনের কিছু বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে এ সতর্কতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মাসে সাইবার হামলার শিকার হয় বেবিচকের ওয়েবসাইট। এতে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন না হলেও আতঙ্কে রয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।





