পবিত্র রমজান উপলক্ষে সরকারি অফিস-আদালত ও ব্যাংকের নতুন সময়সূচি কার্যকর হওয়ার প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর ছিল। তবে কোথাও দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়নি।
রোববার (৮ মার্চ) সকাল থেকে রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট ও আসাদগেট এলাকা ঘুরে দেখা যায়, অফিসগামী মানুষসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা বাসস্টপে অপেক্ষা করছেন। বাস আসার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত গাড়িতে উঠছেন। তবে অনেক বাসেই ভেতরে জায়গা না থাকায় বেশ কিছু যাত্রীকে গেটে ঝুলে যাতায়াত করতে দেখা গেছে।
সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পরিবহন শ্রমিকেরা জানান, সকালে যানজট কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় চাপ বাড়তে পারে। বিশেষ করে অফিস ছুটির সময় এবং ইফতারের আগে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
পরিস্থান পরিবহনের একটি বাসের চালকের সহকারী বলেন,
“এখনো তেমন যানজটে পড়তে হয়নি। গাড়ি ধীরগতিতে হলেও চলাচল করছে। তবে বেলা বাড়লে যানজট বাড়তে পারে।”
গণপরিবহনের গেটে ঝুলে যাতায়াত করা মেহেদী হাসান বলেন,
“গাড়ির ভেতরে ওঠার মতো জায়গা নেই। ফাঁকা বাসের জন্য অপেক্ষা করলে অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাবে, তাই যেভাবেই হোক যেতে হচ্ছে।”
রমজানে নতুন অফিস সময়সূচি
রমজান উপলক্ষে সরকারি অফিস-আদালতের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এখন সরকারি অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার।
এ সময়সূচি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।





