নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আইন উপদেষ্টা

নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য ও আমাদের (সরকার) ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়তো সত্য থাকে। তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়।

তিনি আরও বলেন, গত ১৬-১৭ বছর নির্বাচন হয় না। জনগণ তাদের অধিকার হারিয়েছে। এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। পাঁচ কোটি মানুষ কখনও ভোট দিতে পারেনি, এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহী হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না। পুলিশ কী রিপোর্ট দিচ্ছে তার উপরও নির্ভর করে। ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শোনা গেছে এ রকম হলে ব্যতিক্রম হয়। যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতেই পারে।

তিনি বলেন, যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে, নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে, তাদের যদি বেশি জামিন হয় সেক্ষেত্রে আমরা আতঙ্কিত হব।

এসময় বিচার খাতে সংস্কারের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেওয়া হচ্ছে, যাতে আদালতে মামলার চাপ কমে। আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি। জনগণ অবশ্যই এর সুফল ভোগ করতে পারবে।

এমএ

Leave a Reply

scroll to top