সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামের কবরস্থানের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার, (১৯ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, কবরস্থানের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ সদর থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ সদর থানার মোবাইল টিম সিরা-১ এর এসআই (নিঃ) মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, সকাল বেলা আমরা দেখতে পাই কবরস্থানের এক ব্যক্তি পড়ে আছেন। কাছে গিয়ে দেখি তার কোনো নড়াচড়া নেই। পরে পুলিশকে খবর দিই। সাইফুল বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন ধরেই এলাকায় ঘুরে বেড়াতেন, কারো সঙ্গে তেমন কথা বলতেন না।
পুলিশ জানায়, মৃত ব্যক্তি আনুমানিক ৪০ বছর বয়সী এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রায় ৫-৬ মাস ধরে পঞ্চসারটিয়া গ্রাম এলাকায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার এসআই (নিঃ) মো. আল আমিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর (UD) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।





