অক্টোবরে সড়কে প্রাণহানি বাড়লো প্রায় ৬ শতাংশ

অক্টোবরে সড়কে প্রাণহানি বাড়লো প্রায় ৬ শতাংশ
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের গত অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪৪১, যেখানে মোট দুর্ঘটনা ঘটেছে ৪৮৬টি এবং আহত হয়েছেন ১,১২৮ জন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৬৩টি শিশু রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে, চলতি বছরের গত সেপ্টেম্বরের দৈনিক গড় প্রাণহানির হার (১৩.৯ জন) থেকে অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭ জনে, যা ৫.৭৫ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অক্টোবর মাসে সারাদেশে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭ জন, যা মোট নিহতের ৩১ দশমিক ০৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ৫০ শতাংশ। দুর্ঘটনায় ৯৮ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ২২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬২ জন, অর্থাৎ ১৪ দশমিক ০৫ শতাংশ।

একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ৪৬টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৪৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে- ১৬৬টি জাতীয় মহাসড়কে, ১৪৮টি আঞ্চলিক সড়কে, ৮১টি গ্রামীণ সড়কে এবং ৮৭টি শহরের সড়কে এবং ৪টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

জানা গেছে, দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদন তৈরি করেছে।

এমএ

Leave a Reply

scroll to top