ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউসুফ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা আহত হওয়ার খবর শোনার পর তিনি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা তাকে নিশ্চিত করেছেন যে, “আল্লাহর রহমতে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং তার কোনো সমস্যা হয়নি।”
তবে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার পর থেকে এখন পর্যন্ত মোজতবা খামেনির কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এমনকি জনসমক্ষেও তাকে দেখা যায়নি, যা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা চলছে।
গত রোববার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
যদিও মোজতবা খামেনি সাধারণত জনসমক্ষে খুব কমই আসতেন। তিনি আড়ালে থেকেই রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব বিস্তার করেছেন বলে বিভিন্ন মহলে ধারণা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় মোজতবা খামেনির মা ও স্ত্রীও নিহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মোজতবা খামেনির সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় তিনি ‘হতাশ’ হয়েছেন।
সূত্র: বিবিসি





