ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসী চাইলে বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিকটস্থ থানায় হেফাজতে রাখতে পারবেন। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। ঈদযাত্রার সুবিধার্থে চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে।
মো. সরওয়ার বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলছে। ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড ও অভিযান পরিচালিত হচ্ছে।
ঈদের সময় রাজধানী অনেকটা ফাঁকা হয়ে যায়। এ সুযোগে অপরাধীরা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট ও মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে।
যাদের বাসায় দেখভালের কেউ নেই, তারা প্রয়োজনে মূল্যবান সামগ্রী থানায় রাখতে পারবেন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে দ্বিধা না করার আহ্বান জানান তিনি।
ঈদে বাড়ি ছাড়ার আগে বাসাবাড়ির দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, সিসি ক্যামেরা সচল রাখা এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করা, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিজ হেফাজতে রাখা এবং সন্দেহজনক ব্যক্তির গতিবিধি দেখলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হবে, যাতে নগরবাসী নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন।
ঈদের আগে ও পরে তিন দিন বিশেষ পণ্যবাহী যান ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে, যাতে যাত্রীদের যাতায়াতে বিঘ্ন না ঘটে।





