আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম কমাতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বুধবারের (২৪ ডিসেম্বর) এক প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানির ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক কমানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে খেজুরের দাম সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানো হয়েছে।
পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপণ জারি করেছে সরকার। এই অব্যাহতি আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।
এছাড়া বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে তা চলতি বছরেও বহাল আছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন রমজানে খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে। খেজুর আমদানিতে বড় অঙ্কের শুল্ক ছাড় এবং অগ্রিম আয়কর কমানোর ফলে বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় থাকবে এবং ভোক্তারা সাশ্রয়ী মূল্যে খেজুর কিনতে পারবেন।
এমএ





