কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩১ মে) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত সবাই বাসের যাত্রী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ সদস্যরা। তারা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে অন্তত ৩১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের কাজ চালাচ্ছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবির হোসেন সোহাগ নিশ্চিত করেছেন যে, সড়কে বাস দুর্ঘটনায় আহত হয়ে সকালে মোট ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, রেফার্ড হওয়া দুইজনের মধ্যে একজনের ডান হাত কাটা পড়েছে এবং অপরজনের মাথায় আঘাত লেগেছে। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

scroll to top