টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অচলাবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এ প্রেক্ষাপটে সংকট নিরসনে গতকাল লাহোরে আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে অংশ নিতে লাহোর যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে বিশ্বকাপ ইস্যুতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মূলত, আইসিসি পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
পুরো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকায় বিসিবি সভাপতি পিসিবি প্রধান মহসিন নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, বাংলাদেশের দাবির বিষয়ে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বিসিবির সঙ্গে সংকট সমাধানে একটি সম্ভাব্য ফর্মুলাও প্রস্তুত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ওই ফর্মুলার আওতায় বাংলাদেশ ক্ষতিপূরণ পেতে পারে। এছাড়া বিশ্বকাপের লভ্যাংশ এবং ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্ট হলে হাইব্রিড মডেলে অংশ নেওয়ার সুযোগও পেতে পারে বাংলাদেশ। এ আলোচনায় পিসিবি সমন্বয়কের ভূমিকা পালন করেছে।
বিসিবি সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় নির্ধারণে আইসিসি ও বিসিবির কর্মকর্তারা আজ বিকেলে আবার বৈঠকে বসতে পারেন। একই সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, সে সিদ্ধান্তও দ্রুত আসতে পারে।





