ইঞ্জিনে ত্রুটি: ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরে এলো বিমান

উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট ১৫৪ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার (২৭ জুন) সকালে এই ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকল যাত্রী ও ক্রু নিরাপদে আছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটটি শুক্রবার সকাল ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিনে সমস্যা অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এরপর বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৫৯ মিনিটে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪ নম্বরে পার্ক করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (মুখপাত্র) মো. মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। সফল অবতরণের পর সকল যাত্রী ও ক্রু সদস্য সুস্থ ও নিরাপদে রয়েছেন।

প্রাথমিকভাবে বার্ড স্ট্রাইকের (পাখির আঘাত) সম্ভাবনা ভেবে বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে পরিদর্শন করে। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে বিমানের কারিগরি দল ত্রুটির কারণ অনুসন্ধানে কাজ করছে। কারিগরি পর্যালোচনা শেষ হওয়ার পর পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

এই আকস্মিক অবতরণ যাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগ সৃষ্টি করলেও, বিমানের দ্রুত পদক্ষেপ এবং পাইলটের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

scroll to top