বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম। আগের বছর এটি ছিল ৯৭তম, আর তার আগের বছর ১০১তম।
সূচক অনুযায়ী, এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের সঙ্গে ৯৪তম অবস্থানে আছে ফিলিস্তিন ও ইরিত্রিয়া।
হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী, সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো ছিল ২০০৬ সালে—৬৮তম। আর সবচেয়ে খারাপ অবস্থানে ছিল ২০২১ সালে—১০৮তম।
সূচকে শীর্ষে সিঙ্গাপুর
চলতি বছরের সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া—দুই দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।
তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এসব দেশের নাগরিকরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন চতুর্থ অবস্থানে রয়েছে (১৮৮ দেশ)। পঞ্চম অবস্থানে থাকা নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ডের নাগরিকরা যেতে পারেন ১৮৭টি দেশে। ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য—১৮৬টি দেশে প্রবেশাধিকার।
সবচেয়ে নিচে আফগানিস্তান
সূচকে সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান (৯৯তম)। দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২৫টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন। তার ওপরে রয়েছে সিরিয়া (৯৮তম), ইরাক (৯৭তম) এবং পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়া (৯৬তম)। নেপাল ও লিবিয়ার অবস্থান ৯৫তম।
বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে উত্তর কোরিয়া (৯৩তম), সুদান (৯২তম), ইরান ও শ্রীলঙ্কা (৯১তম), এবং ৯০তম অবস্থানে রয়েছে কঙ্গো প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদান।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে মালদ্বীপ রয়েছে ৫৩তম, ভারত ৭৭তম এবং ভুটান ৮৪তম অবস্থানে।





