মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

মার্কিন-ভাইস-প্রেসিডেন্টের-বাসভবনে-হামলা.jpg
নিজস্ব প্রতিবেদক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এ হামলা হয়। সোমবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সোমবার কর্তৃপক্ষ জানায়, হামলায় ভ্যান্সের বাসভবনের জানালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, হামলার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবার বাসভবনে উপস্থিত ছিলেন না। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলার ফলে বাড়িটির জানালার ব্যাপক ক্ষতি হয়েছে।

গোয়েন্দা বিভাগের মুখপাত্র অ্যান্থনি গুগেলমি জানান, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনের বাইরে জানালা ভাঙচুরসহ সম্পত্তির ক্ষতির অভিযোগে তাকে আটক করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রোববার মধ্যরাতের পরপরই এ হামলার ঘটনা ঘটে। গোয়েন্দা বিভাগ সিনসিনাটি পুলিশ ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করে তদন্ত চালাচ্ছে এবং অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এক ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, হামলাটি ভ্যান্স বা তার পরিবারের লক্ষ্য করে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ঘটনার আগেই ভ্যান্স পরিবার শহর ছেড়ে চলে গিয়েছিল।

Leave a Reply

scroll to top