বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন,
“আজকের এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বের কথা। এই মূল্যবোধই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের ভিত্তি।”
প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বাংলাদেশ সকল দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।
তিনি স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন। পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানান।
ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একই টেবিলে বসে ইফতার করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বীরাককোডি, ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।
এছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ইফতারের আগে প্রধানমন্ত্রী মোনাজাত ও দোয়ায় অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ।
এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমেন উপস্থিত ছিলেন।





