ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য: মাচাদো

ট্রাম্প-শান্তিতে-নোবেল-পুরস্কার-পাওয়ার-যোগ্য_-মাচাদো.jpg
নিজস্ব প্রতিবেদক

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তার মতে, ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের নেওয়া পদক্ষেপ বিশ্ববাসীর সামনে তা প্রমাণ করেছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, ট্রাম্পের ভূমিকা মানবতার জন্য একটি বিশাল অগ্রগতি। তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।”

নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মাচাদো অভিযোগ করেন, মাদুরো সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা ও নির্বাচনী পরিষদ নিয়ন্ত্রণে রেখেছিল। তার ভাষায়, ভেনেজুয়েলায় তখন স্বাধীন নির্বাচন আয়োজন করা অসম্ভব ছিল। তবুও জনগণের সমর্থনে তারা বড় ব্যবধানে জয়ী হয়েছেন বলে দাবি করেন তিনি।

মাচাদো জানান, দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পর যত দ্রুত সম্ভব তিনি ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তিনি বলেন, দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং ইতোমধ্যে অন্তত ১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে বিশ্বাস করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। মাচাদোর মতে, ভেনেজুয়েলার জনগণের জন্য পরিবর্তনের পথ এগিয়ে নেওয়া জরুরি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে দেশটিতে কোনো নির্বাচন হবে না। সোমবার (৫ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগে ভেনেজুয়েলাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন।

ট্রাম্প আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে বলেও মন্তব্য করেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়িত নয় বলে দাবি করে ট্রাম্প বলেন, তাদের লড়াই মূলত মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে। এ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তারা কাজ করবেন বলেও জানান ট্রাম্প। কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন—এ প্রশ্নে তিনি বলেন, দায়িত্ব থাকবে তার হাতেই।

Leave a Reply

scroll to top