ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দিয়েছে ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
এই সিদ্ধান্তের ফলস্বরূপ, গুজরাটের জামনগরে অবস্থিত রিলায়েন্সের বিশেষ রপ্তানিমুখী তেল শোধনাগারটিতে এখন থেকে আর রাশিয়ার অপরিশোধিত তেল ব্যবহার করা হবে না।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেয়া পদক্ষেপের অংশ হিসাবে রাশিয়ার তেলের ওপর দেয়া নিষেধাজ্ঞা ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এছাড়া, রাশিয়ার অন্যতম প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসনেফ্ট এবং লুকোয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। রোসনেফ্টের সঙ্গে প্রতিদিন ০.৫ মিলিয়ন ব্যারেল তেলের চুক্তি রয়েছে রিলায়েন্সের।
এক বিবৃতিতে রিলায়েন্স জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে, এসইজেড রিফাইনারি থেকে যে পণ্য রপ্তানি হবে সেগুলো এমন অপরিশোধিত তেল থেকে করা হবে যা রাশিয়া থেকে আনা হয়নি।
বিবৃতিতে আরও জানানো হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগেই তেল কেনা বন্ধ করে দেয়া হয়েছে।
রিলায়েন্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজ ওয়াশিংটন পোস্টকে জানায়, ‘আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাই এবং আমরা মার্কিন-ভারত বাণিজ্য আলোচনায় অর্থবহ অগ্রগতির জন্য উন্মুখ।’
এমএ





