সামনে এলেন আসল নূর, আবেগে কাঁদলেন আফরান নিশো

7b2b1e9c9a7002eec4af93b0fabf5568-69d230aa9396e.jpeg
নিজস্ব প্রতিবেদক বিনোদন রিপোর্ট

ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’-এর মূল অনুপ্রেরণা মো. নূর ইসলাম ৪ এপ্রিল বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার জীবনের রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা তুলে ধরেন। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি ২০০৮ সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত নূর ইসলামের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত।

স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে নূর ইসলাম তার স্ত্রী আনোয়ারা পারভীনসহ উপস্থিত হন। তিনি সিনেমাটিকে আন্তর্জাতিক মানের বলে উল্লেখ করেন এবং অভিনেতা আফরান নিশোর অভিনয়কে ‘আউটস্ট্যান্ডিং’ বলে অভিহিত করেন।

তিনি জানান, অপহরণের সময় তাকে হত্যা করার জন্য বিভিন্নভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাকে গাধার পিঠে বসিয়ে নিয়ে যাওয়া হয় এবং হত্যার প্রস্তুতি নেওয়া হয়। সে সময় তিনি স্ত্রীর পরামর্শে ‘দোয়া ইউনূস’ পড়তে থাকেন। নূর ইসলাম বলেন, চার ঘণ্টা ধরে চেষ্টা করেও তাকে হত্যা করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত অপহরণকারীরা তাকে ছেড়ে দেয় এবং তার প্রতি সহানুভূতি প্রকাশ করে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর পর এই জীবনের গল্প মানুষের সামনে তুলে ধরার জন্য নির্মাতা রেদওয়ান রনি ও প্রযোজক শাহরিয়ার শাকিলের প্রতি তিনি কৃতজ্ঞ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমায় নূর ইসলামের চরিত্রে অভিনয় করা আফরান নিশো এবং রানি চরিত্রে অভিনয় করা পূজা চেরী। নূর ইসলাম ও তার স্ত্রীর বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন আফরান নিশো। চোখ মুছতে মুছতে তিনি বলেন, তাদের জীবনের সেই দুঃসহ স্মৃতি এখনো স্পষ্টভাবে তাদের মধ্যে রয়ে গেছে, যা বাস্তব অভিজ্ঞতার তীব্রতার কারণে পর্দায় পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়।

পূজা চেরী বলেন, নূর ইসলাম ও তার স্ত্রী বাস্তব জীবনের নায়ক-নায়িকা। তাদের কাছ থেকেই তিনি চরিত্রটির জন্য অনুপ্রেরণা পেয়েছেন।

‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনির সঙ্গে সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

 

Leave a Reply

scroll to top