বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব-এর ৭৯তম আসরের উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে লা ভেনাস ইলেকট্রিক।
ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত এই রোমান্টিক কমেডিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী ১২ মে, কানের উদ্বোধনী অনুষ্ঠানের পর গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেত্রী আই হাইদারা।
একই দিনে ছবিটি ফ্রান্সজুড়ে প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে, ফলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে দেশজুড়ে।
নিজের ছবি দিয়ে উৎসবের উদ্বোধন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে সালভাদোরি বলেন, কান চলচ্চিত্রকে উদযাপন করে, নতুন প্রতিভা খুঁজে নেয় এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। নিজের কাজের প্রতি ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন এই ছবিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
১৯২৮ সালের প্যারিসকে পটভূমি করে নির্মিত ছবিটির গল্পে উঠে এসেছে তরুণ চিত্রশিল্পী আঁতোয়ান বালেস্ত্রোর জীবন। স্ত্রীর মৃত্যুর পর তিনি সৃষ্টিশীলতা হারিয়ে ফেলেন। এক রাতে স্ত্রীর আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে গিয়ে পরিচয় হয় সুজান নামের এক সার্কাসকর্মীর সঙ্গে, যিনি ঘটনাচক্রে সেখানে ঢুকে পড়েন।
সুজান ধীরে ধীরে প্রতারণার আশ্রয়ে ভুয়া আত্মা ডাকার আয়োজন করতে থাকেন, যার ফলে আঁতোয়ানের সৃষ্টিশীলতা ফিরে আসে। কিন্তু জটিলতা তৈরি হয়, যখন প্রতারণার এই সম্পর্কই পরিণত হয় ভালোবাসায়।
ছবিতে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস ডেমাউস্টিয়ার, গিলস লেলুচে, বিমলা পন্স ও গুস্তাভ কেরভার্ন।
চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই, সঙ্গে ছিলেন বেঞ্জামিন শারবি ও বেনোয়া গ্রাফিন।
ফরাসি কমেডির গুরুত্বপূর্ণ নির্মাতা হিসেবে পরিচিত সালভাদোরি এই ছবিতে তার পরিচিত বিষয়—মিথ্যা, দ্ব্যর্থতা ও ছদ্মবেশ—নিয়ে কাজ করেছেন। তবে এটি তার প্রথম পিরিয়ডধর্মী নির্মাণ, যেখানে ২০ শতকের শুরুর প্যারিসের শিল্প-সংস্কৃতি ও আধ্যাত্মিকতার আবহ ফুটে উঠেছে।
হলিউডের কিংবদন্তি নির্মাতা আর্নস্ট লুবিটস, বিলি ওয়াইল্ডার এবং ব্লেক এডওয়ার্ডস-এর কাজ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবিতে গল্প, হাস্যরস ও আবেগের মিশ্রণ দেখা যাবে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে ফ্রান্স টেলিভিশন ও ব্রুট। ১২ মে শুরু হয়ে ২৩ মে পর্দা নামবে এবারের উৎসবের।
সূত্র: কান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট





