যুদ্ধ কতদিন চলবে?— জানাল ইরানের সেনাবাহিনী

image_20260406_220935786.webp
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সোমবার (৬ এপ্রিল) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এ কথা বলেন।

তিনি বলেন, “শত্রুপক্ষকে (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) এই যুদ্ধ শুরু করার জন্য অনুতপ্ত হতে হবে। এই যুদ্ধের পর আমরা এমন একটি নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো সংঘাতের মুখোমুখি হতে না হয়।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুপক্ষকে ‘প্রকৃত অনুশোচনার’ মধ্যে ফেলতে হবে। এতে প্রতিরোধ ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছাবে, যাতে তারা আর কখনও ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহস না পায়।

ইরান আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে দাবি করে তিনি বলেন, “বর্তমান পর্যায়ে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পরাজয়ের মুখে পড়েছে।”

এর আগে তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের ১৫ দফা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি একে ‘অযৌক্তিক’ ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, সময়সীমা বেঁধে দেওয়া বা যুদ্ধাপরাধের হুমকি দিয়ে কোনো আলোচনা সম্ভব নয়।

বাঘাই বলেন, “অস্থায়ী যুদ্ধবিরতি শত্রুপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেয়, যা ভবিষ্যতে আরও হামলার ঝুঁকি তৈরি করে।”

জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, অনেক সময় সংস্থাটি শক্তিশালী দেশগুলোর হাতিয়ার হিসেবে কাজ করে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরান নিজস্ব অবস্থান থেকেই পদক্ষেপ নেবে।

তিনি আরও জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে তেহরান কিছু শর্ত নির্ধারণ করে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ

 

Leave a Reply

scroll to top