ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প.jpg
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, গত মাসে দেশের বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্পের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ঢাকা-কেন্দ্রিক ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা। তিনি বলেন, “আমাদের উপকূলীয় অঞ্চলে যেভাবে দক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, ঠিক সেই মডেলে ঢাকাতেও বাহিনী গঠনের নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।”

দুর্যোগের সময় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও একত্রিত করার লক্ষ্যে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “ভূমিকম্পের মতো দুর্যোগের সময় মানুষকে অ্যাসেম্বল (একত্রিত) করার জন্য ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠ ও স্কুল চিহ্নিত করতে বলা হয়েছে।”

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম দ্রুততম সময়ে ক্রয়ের (প্রকিউরমেন্ট) ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, আগামী ১১ মার্চ এসব নির্দেশনার অগ্রগতি পর্যালোচনায় একটি ফলোআপ সভা অনুষ্ঠিত হবে।

দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী দুলু বলেন, “সক্ষমতা বৃদ্ধির জন্যই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে কিছু সরঞ্জাম ক্রয় করে সশস্ত্র বাহিনী বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করেছি।”

 

Leave a Reply

scroll to top