বদলে যাওয়া গুলিস্তান, ফের দখলের পাঁয়তারা!

f61598ae970e073f0529ed83003e3841-69d3acb276cad.jpg
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তান, ধোলাইখাল, উত্তরা, শনির আখড়া ও ধানমন্ডির কলাবাগানসহ বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সিটি করপোরেশনের যৌথ অভিযানে স্বস্তি ফিরতে শুরু করেছে নগরজীবনে। টানা পাঁচ দিনের বিশেষ অভিযানের (৫ এপ্রিল পর্যন্ত) ফলে ব্যস্ততম সড়কগুলোতে ফিরে এসেছে দৃশ্যমান শৃঙ্খলা, কমেছে দীর্ঘদিনের যানজট।

সরেজমিনে দেখা গেছে, একসময় তীব্র যানজটের জন্য পরিচিত গুলিস্তানে এখন অনেকটাই স্বস্তিকর পরিবেশ। সড়কের দুপাশ থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করায় পথচারীরা নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারছেন। ফলে মূল সড়কে হাঁটার প্রয়োজন কমেছে এবং যান চলাচলও হয়েছে স্বাভাবিক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত রহমান শান্ত বলেন, আগে গুলিস্তান থেকে সদরঘাট যেতে ঘণ্টার বেশি সময় লাগত, এখন সেখানে পৌঁছানো যাচ্ছে মাত্র ১০ মিনিটে। ফুটপাত দখলমুক্ত হওয়ায় চলাচলও সহজ হয়েছে।

শান্তিনগর থেকে রায়সাহেব বাজারে যাতায়াতকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তামান্না হক বলেন, আগে কলেজে যেতে দুই ঘণ্টা সময় লাগলেও এখন ২০-২৫ মিনিটেই পৌঁছানো সম্ভব হচ্ছে।

তবে এই সুফল ধরে রাখতে নিয়মিত তদারকির ওপর জোর দিয়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অতীতেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পরই ফুটপাত আবার দখল হয়ে গেছে।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, গুলিস্তান ও ধোলাইখাল এলাকা দখলমুক্ত হওয়ায় পুরান ঢাকার মানুষের দুর্ভোগ কমেছে। তবে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে ভাসমান দোকান ফের বসার চেষ্টা ঠেকাতে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হয়েছে। ডিএমপি ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।

তিনি জানান, এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে পারলে যানজট অনেকাংশে কমানো সম্ভব।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, ফুটপাত দখলমুক্ত করার ফলে যানজট কমেছে। তবে পুনরায় দখলের প্রবণতা দেখা যাচ্ছে, যা রোধে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে।

নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর স্থায়ী যানজট নিরসনে শুধু উচ্ছেদ অভিযান যথেষ্ট নয়। ফুটপাত দখলমুক্ত রাখার ধারাবাহিকতা বজায় রাখা এবং হকারদের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি।

 

Leave a Reply

scroll to top