নারী এমপিদের নিয়ে কটূক্তি: এমপি আমির হামজার বিরুদ্ধে কী ব্যবস্থা?

4db4b6378e35bf8309f3b5a5a9dfcd43-69cfc4d1e7bd5.jpg
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

নারী সংসদ সদস্যদের নিয়ে জামায়াতের এমপি মুফতি আমির হামজার কটূক্তিমূলক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হওয়ায় প্রশ্ন উঠেছে—সংসদের বাইরে দেওয়া বক্তব্যের জন্য কোনও সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না।

সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা বিষয়টি উত্থাপন করে স্পিকারের কাছে বিচার চান। তিনি অভিযোগ করেন, এক ওয়াজ মাহফিলে নারী এমপিদের নিয়ে অশালীন ও অরুচিকর ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত।

প্রাথমিকভাবে স্পিকার জানান, সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে ‘পয়েন্ট অব অর্ডার’ গ্রহণযোগ্য নয়। তবে পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, লিখিত নোটিশ দিলে বিষয়টি সংসদীয় প্রক্রিয়ায় তদন্ত ও নিষ্পত্তি করা যেতে পারে।

সংসদীয় বিধি অনুযায়ী, কোনও সদস্য অসংসদীয় বা মানহানিকর আচরণ করলে স্পিকার তদন্তের উদ্যোগ নিতে পারেন। প্রয়োজন হলে সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা—যেমন সতর্কীকরণ, স্থগিতাদেশ বা বহিষ্কার—নেওয়া সম্ভব।

তবে সংবিধানের ৭৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদে প্রদত্ত বক্তব্য বা ভোটের জন্য কোনও সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। এ ধরনের বিষয় সংসদের নিজস্ব এখতিয়ারের মধ্যেই পড়ে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নারী অধিকারকর্মী খুশি কবীর বলেন, “একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের অশালীন আচরণ অগ্রহণযোগ্য। রাজনৈতিক দলগুলোর উচিত তাদের সদস্যদের আচরণ সম্পর্কে সচেতন করা।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “কোনও বক্তব্য যদি সংসদের মর্যাদাহানি ঘটায়, তাহলে সংসদের ব্যবস্থা নেওয়া উচিত।” তিনি সংসদ সদস্যদের জন্য একটি কার্যকর আচরণবিধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, অভিযোগের ভিত্তিতে প্রথমে তদন্ত হবে। এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্পিকার সিদ্ধান্ত নেবেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তাকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার জন্য মৌখিকভাবে বলা হয়েছে।”

এ ঘটনার পর সংসদের ভেতরে-বাইরে আচরণবিধি ও জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

Leave a Reply

scroll to top