পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না এমপিরা, সংসদে ক্ষোভ
দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, বাস্তবে পেট্রোল ও অকটেনের ঘাটতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা নিজেরাই পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না।
সোমবার (৩০ মার্চ) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশে আলোচনার সময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, দেশে তেলের কোনো সংকট নেই—এমন দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, একাধিক পেট্রোল পাম্পে ঘুরেও নিজের গাড়ির জন্য তেল পাননি। এতে সাধারণ মানুষের ভোগান্তি কতটা বেড়েছে, তা সহজেই অনুমান করা যায়।
তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম বলেন, তার এলাকাতেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ বাধ্য হয়ে বেশি দামে জ্বালানি কিনছেন এবং চরম ভোগান্তিতে পড়ছেন।
সংসদ সদস্যরা দ্রুত এই কৃত্রিম সংকট বা সরবরাহ ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তেল নিয়ে উত্তাপ্ত সংসদ





