ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা

addc1bb97898590907cb17f970720cf9-69c4f8c4e3bb8.jpg
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট ছড়িয়ে পড়ে, যা পরে গজারিয়া অংশ পর্যন্ত বিস্তৃত হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় মহাঅষ্টমী স্নান উৎসব উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটেছে। এ কারণে মহাসড়ক ও আশপাশের সড়কে অতিরিক্ত চাপ তৈরি হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটে আটকে পড়া তিশা পরিবহনের বাসচালক আব্দুর রহিম মিয়া বলেন, “সকাল থেকেই মহাসড়কে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে আছে।”

ভুক্তভোগী যাত্রী সাত্তার মিয়া জানান, “গাড়ি একটুও এগোচ্ছে না। অনেকক্ষণ বসে থাকার পর নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছি। সামনে গিয়ে বিকল্প সড়ক ব্যবহার করব।”

বাংলাদেশ হাইওয়ে পুলিশ-এর শিমরাইল ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, সকাল থেকেই যানজট তৈরি হয়েছে এবং তা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, স্নান উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের ব্যাপক সমাগমই এই যানজটের মূল কারণ। উল্লেখ্য, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব ২৫ মার্চ শুরু হয়েছে, যা ২৬ মার্চ পর্যন্ত চলবে। এদিন সকাল থেকে পুণ্যার্থীর চাপ বাড়ায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।

 

Leave a Reply

scroll to top