ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ু.jpg
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফার একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত ২ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের হাইফা শাখার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

রোববার বিকেলে হাইফার একটি আবাসিক এলাকায় পাঁচতলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ১১ জন আহত হন এবং অন্তত ৪ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

ক্ষেপণাস্ত্র আঘাতের পরপরই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে সরকারি জরুরি চিকিৎসাসেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়েছে।

নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়। এ সময় ধ্বংসস্তূপের ভেতর থেকে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনকে উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের ওজন ছিল প্রায় ৪৫০ কেজি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

Leave a Reply

scroll to top